স্বপ্নাদেশে শুরু হয়েছিল পুজোর। দেখতে দেখতে সেই পারিবারিক পুজো পা দিল ৫৪ বছরে
স্বপ্নাদেশে শুরু হয়েছিল পুজোর। দেখতে দেখতে সেই পারিবারিক পুজো পা দিল ৫৪ বছরে। উখড়া গ্রামের বাজপাই মোড়ে দে পরিবারের জগদ্ধাত্রী পুজো এখন শুধু পরিবারের ধর্মীয় আয়োজন নয়, এলাকার মানুষের কাছেও এক পরিচিত আবেগ ও ঐতিহ্যের নাম।
১৯৭৩ সালে প্রয়াত শিল্পপতি বলরাম দে-র হাত ধরে এই পুজোর সূচনা। কথিত আছে, স্বপ্নাদেশ পেয়েই তিনি পরিবারে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। প্রথম দিকে মায়ের প্রতিকৃতির সামনে পুজো করা হতো। পরে ১৯৭৮ সালে স্থায়ী মন্দির নির্মাণ করে মাটির প্রতিমা এনে পুজোর প্রচলন শুরু হয়। সেই থেকে নিষ্ঠা ও পরম্পরা মেনেই চলে আসছে পুজো।
দে পরিবারের জগদ্ধাত্রী প্রতিমার মধ্যেও রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। অন্যান্য প্রতিমার তুলনায় এই প্রতিমার সাজ ও গড়ন কিছুটা আলাদা। মায়ের দু’পাশে শোভা পায় দুটি সুদৃশ্য পরী, যা প্রতিমার সৌন্দর্যে যোগ করে এক অন্য মাত্রা।
অন্যান্য জায়গায় জগদ্ধাত্রী পুজো চার দিন ধরে অনুষ্ঠিত হলেও দে পরিবারে পুজোর আয়োজন দু’দিনের। পঞ্জিকা মেনে বুধবার একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দশমীর পুজোর পর হবে প্রতিমা নিরঞ্জন। নবমী তিথিতে বাড়িতে বিশেষভাবে আয়োজন করা হয় কুমারী পুজোর। পাশাপাশি দুপুর ও রাতে থাকে ভোজের আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই পুজোর অন্যতম বিশেষত্ব হল, যাবতীয় আয়োজনের মূল দায়িত্ব সামলান পরিবারের মহিলারাই। পরিবারের সদস্য তথা দে গ্রুপের সদস্য বিশ্বদীপ দে জানান, পারিবারিক ঐতিহ্য ও নিষ্ঠা বজায় রেখেই প্রতি বছর পুজোর আয়োজন করা হয়।
পুজো পারিবারিক হলেও তার আনন্দ আটকে থাকে না পরিবারের চার দেওয়ালের মধ্যে। স্থানীয় বাসিন্দা থেকে আত্মীয়-স্বজন, সকলেই অংশ নেন এই উৎসবে। দু’দিন ধরে দে পরিবারের বাড়ি হয়ে ওঠে এক মিলনক্ষেত্র। ধর্মীয় আচার, পারিবারিক পরম্পরা আর সামাজিক সম্প্রীতির মেলবন্ধনে ৫৪ বছরের এই জগদ্ধাত্রী পুজো আজও উখড়ার বাজপাই মোড়ে বহন করে চলেছে এক নিজস্ব ঐতিহ্য।
সোমনাথ মুখার্জি, অন্ডাল
