November 23, 2026

ধসের আতঙ্ক পিছু ছাড়ছেনা

অন্ডাল থেকে সোমনাথ মুখোপাধ্যায়

ধসের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অন্ডালের সিদুলি এলাকার বাসিন্দাদের। একের পর এক ধসের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বোরিংয়ের কাজ চলাকালীন মাটির নিচে তলিয়ে গেল যন্ত্রপাতি। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিশেষ করে সিদুলির প্রধান রাস্তার পাশেই এই ঘটনা ঘটায় উদ্বেগ আরও বেড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

উল্লেখ্য, সিদুলি এলাকায় একের পর এক ধসের ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইসিএলের সিএমডি, দুর্গাপুরের মহকুমাশাসক এবং রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষের মধ্যে বৈঠক হয়। পাশাপাশি গত শনিবার দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দপ্তরে জেলাশাসক, মহকুমাশাসক, ইসিএলের সিএমডি ও বিধায়ককে নিয়ে আরও এক দফা আলোচনা হয়। ধসকবলিত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা এবং তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা কীভাবে করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হয় ওই বৈঠকে। কিন্তু সেই আলোচনার পরদিনই নতুন করে বোরিংয়ের যন্ত্রপাতি মাটির নিচে তলিয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় চাষি উজ্জ্বল ঘোষ জানান, সিদুলির প্রধান রাস্তার একেবারে পাশেই এই বোরিংয়ের কাজ চলছিল। তাঁর চাষযোগ্য ধানজমিও কাজের জায়গার খুব কাছেই রয়েছে। তাঁর অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার ইসিএল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। এদিন তাঁর জমির পাশেই বোরিংয়ের কাজ চলাকালীন হঠাৎই যন্ত্রপাতি-সহ মাটির নিচে বসে যায় কাজের জায়গাটি। এর ফলে সেখানে বড়সড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্ত ক্রমশ ছড়িয়ে তাঁর ধানজমি কিংবা পাশের প্রধান রাস্তার দিকে এগিয়ে এলে বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, রানিগঞ্জ মণ্ডল-৩-এর বিজেপি সভাপতিপ ইন্দ্র সেন রায় বলেন, সিদুলি এলাকায় এমনিতেই ধসের আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়টি নিয়ে বিধায়ক এবং ইসিএলের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা চলছে।

যদিও আতঙ্কের কারণ নেই বলে দাবি করেছেন সংশ্লিষ্ট এলাকার ইসিএলের এজেন্ট পঙ্কজ কুমার ভার্মা। তিনি জানান, এটি কোনও ধসের ঘটনা নয়। মাটির নিচে জমে থাকা জল বের করার জন্য বিভিন্ন জায়গায় বোরিং করা হচ্ছে, যাতে ভূগর্ভস্থ জলের চাপ কমিয়ে নতুন করে ধসের সম্ভাবনা প্রতিরোধ করা যায়। সেই উদ্দেশ্যেই সিদুলির বালি ব্যাংকার কাছে বোরিংয়ের কাজ চলছিল। কিন্তু ওই অংশের মাটি নরম থাকায় বোরিংয়ের কাজ সফল হয়নি এবং যন্ত্রপাতি বসে যায়। তাঁর দাবি, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ইতিমধ্যেই সংশ্লিষ্ট জায়গাটি ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি ধসের সমস্যা মোকাবিলায় ইসিএলের উচ্চপর্যায়ে আলোচনা চলছে।

তবে প্রশাসনিক ও ইসিএল কর্তৃপক্ষের আশ্বাসের পরেও পরপর এমন ঘটনায় সিদুলির বাসিন্দাদের মনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.