বাইক চুরির অভিযোগে গ্রেফতার দুই! তদন্তে উদ্ধার চারটি চোরাই মোটরবাইক
Oplus_16908288
মোটরবাইক চুরির একটি অভিযোগের তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। অন্ডাল স্টেশন এলাকা থেকে প্রবোধ মণ্ডল (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি জামুড়িয়ায়। অন্যদিকে, বীরভূমের সাহাপুর থেকে শেখ কারিবুল (৪০) নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটরবাইক চুরির একটি অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এই দুই ব্যক্তির সন্ধান পান তদন্তকারীরা। তাঁদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের সূত্র ধরে এখনও পর্যন্ত মোট চারটি চোরাই মোটরবাইক উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
তদন্তের স্বার্থে ধৃতদের মধ্যে একজনকে ছ’দিন এবং অপরজনকে চারদিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর আজ, সোমবার, ফের তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার কথা।
এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া মোটরবাইকগুলি কোথা থেকে চুরি করা হয়েছিল এবং চুরির পিছনে আরও কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
চারটি মোটরবাইক উদ্ধারের ঘটনায় বাইক চুরি চক্রের আরও কোনও সদস্যের হদিস মেলে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।
সোমনাথ মুখার্জি : অন্ডাল
