November 23, 2026

জামুড়িয়ার তালতোড়ে ইসকন মন্দিরের ভূমিপুজো, ভক্তি ও মানবসেবার কেন্দ্র গড়ে তোলার আহ্বান বিধায়কের

জামুড়িয়া: শুক্রবার জামুড়িয়ার তালতোড় এলাকায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর উদ্যোগে নতুন মন্দির নির্মাণের লক্ষ্যে শুভ ভূমিপুজো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিজেপি বিধায়ক ডাঃ বিজন মুখার্জি-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইসকনের ভক্ত ও অসংখ্য স্থানীয় বাসিন্দা।

ভূমিপুজো উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানানো হয়, যাতে আগামী দিনে এই মন্দির ভক্তি, শান্তি, সম্প্রীতি ও মানবসেবার অন্যতম পবিত্র কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। মন্দির নির্মাণের এই উদ্যোগকে এলাকার আধ্যাত্মিক ও সামাজিক বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন উপস্থিত বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডাঃ বিজন মুখার্জি বলেন, “আজকের দিনটি আমার কাছে অত্যন্ত সৌভাগ্য ও আনন্দের। ইসকন মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজ এখানে শুধুমাত্র একটি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে না, বরং ভক্তি, সংস্কৃতি ও মানবতার এমন এক ভিত্তি স্থাপিত হচ্ছে, যা আগামী প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও সংস্কারের শিক্ষা দেবে।”

তিনি আরও বলেন, জামুড়িয়া শিল্পনগরী হিসেবে পরিচিত হলেও এই অঞ্চলের মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা দীর্ঘদিনের। এখানে বিভিন্ন ধর্ম, জাতি ও ভাষার মানুষ পারস্পরিক সম্প্রীতির সঙ্গে বসবাস করেন। ইসকন মন্দির প্রতিষ্ঠিত হলে জামুড়িয়ার আধ্যাত্মিক পরিচয় আরও সমৃদ্ধ হবে। শ্রীকৃষ্ণের প্রেমের বাণী, শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে।

মন্দির নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য ইসকনের ভক্ত, সাধক ও উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে বিধায়ক বলেন, একটি মন্দির নির্মাণের জন্য শুধু অর্থ নয়, প্রয়োজন নিষ্ঠা, ত্যাগ, সমর্পণ ও নিরন্তর প্রচেষ্টা। সকলের সম্মিলিত সহযোগিতায় আগামী দিনে এই মন্দির একটি পূর্ণাঙ্গ ও সুন্দর রূপ লাভ করবে বলে তিনি আশাবাদী।

পাশাপাশি মন্দিরটিকে শুধুমাত্র ধর্মীয় উপাসনার স্থান হিসেবে সীমাবদ্ধ না রেখে মানবসেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। তাঁর কথায়, “এই মন্দিরে অন্নদান, শিক্ষা বিস্তার, দরিদ্র মানুষের সেবা এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার উদ্যোগ গ্রহণ করা উচিত। শ্রীমদ্ভগবদ্গীতার কর্মযোগের শিক্ষা বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক।”

বিধায়ক আরও বলেন, প্রকৃত উন্নয়ন শুধুমাত্র রাস্তাঘাট, বিদ্যুৎ কিংবা বড় বড় ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক বিকাশও উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মানুষের মনে ভক্তি, শান্তি ও সেবার মানসিকতা গড়ে উঠলেই সমাজ প্রকৃত অর্থে এগিয়ে যেতে পারবে।

মন্দির নির্মাণের এই মহৎ উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে ডাঃ বিজন মুখার্জি বলেন, এই পবিত্র কাজে যখনই তাঁর সহযোগিতার প্রয়োজন হবে, তিনি পাশে থাকার চেষ্টা করবেন।

অনুষ্ঠানের শেষে সমগ্র জামুড়িয়াবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানানো হয়। উদ্যোক্তারা মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জামুড়িয়া থেকে হরি ঘোষের রিপোর্ট

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.