বেনারসের আদলে সন্ধ্যা আরতি , আলো-আতশবাজিতে আলোকিত উখড়া

বেনারসের গঙ্গার ঘাটের মনোমুগ্ধকর সন্ধ্যা আরতির আবহ এবার ধরা পড়ল খনি অঞ্চলের উখড়ায়। ধূপ-ধুনোর সুগন্ধ, মন্ত্রোচ্চারণ, আরতির আলো আর ভক্তিময় পরিবেশে এক অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকলেন কয়েকশো মানুষ। রবিবার সন্ধ্যায় উখড়া বাজার হনুমান ডাঙ্গা ছটপুজো কমিটির উদ্যোগে সুভাষপাড়া কদমগড়ের পুকুরঘাটে আয়োজিত হয় বিশেষ সন্ধ্যা আরতি। উদ্যোক্তাদের দাবি, খনি অঞ্চলে এই ধরনের আয়োজন এই প্রথম।
সন্ধ্যা নামতেই আরতি দর্শনের জন্য ছটঘাটে ভিড় জমাতে শুরু করেন ভক্ত ও দর্শনার্থীরা। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ এই বিশেষ আয়োজনের সাক্ষী হতে হাজির হন। বেনারসের ঘাটের আদলে সাজানো পুকুরঘাটে পুরোহিতদের আরতি, প্রদীপের আলো এবং ভক্তিময় পরিবেশ এক অপূর্ব আবহ তৈরি করে। আরতির দৃশ্য উপভোগ করতে দর্শনার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।
সন্ধ্যা আরতির পাশাপাশি আলোর ঝলকানি ও আতশবাজির বর্ণিল দৃশ্যে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। আবেগ, ঐতিহ্য ও উৎসবের মেলবন্ধনে রবিবার সন্ধ্যায় উখড়ার এই ছটঘাট পরিণত হয় মিলনক্ষেত্রে। অভিনব এই আয়োজনে দর্শনার্থীদের মনে বিশেষ মাত্রা যোগ হয় ।
সোমনাথ মুখার্জি, উখড়া
