বালি চুরির জেরে নদীর পরিবেশ নষ্ট এবং মৃত্যুর ঘটনার জন্য বিগত সরকারকে কাঠগড়ায় তুললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
বিগত সরকারের আমলে পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী থেকে ব্যাপক হারে বালি চুরি হয়েছে। আর সেই বালি চুরির জেরেই একদিকে যেমন নদীর স্বাভাবিক পরিবেশ ও ভারসাম্য নষ্ট হয়েছে, তেমনই বহু মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে। এমনই অভিযোগ তুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
রবিবার আসানসোলের বার্ণপুরের কেয়ারডি গ্রামে গিয়ে গত ১৯ নভেম্বর দামোদর নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া এক যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওই যুবকের নদীতে তলিয়ে যাওয়ার খবর পেয়েই এদিন তাঁর বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

এদিন মন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের আমলে রাজ্যজুড়ে যেভাবে নদী থেকে অবৈধভাবে বালি তোলা ও বালি চুরি হয়েছে, তার ফলে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি নদীর পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের আমলে অবৈধ বালি কারবারের কারণে পরিবেশ নষ্ট হয়েছে।

