পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে বিজেপি কর্মীর প্রাণ হারানোর ঘটনায় পুলিশের জালে আরও এক অভিযুক্ত

পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে বিজেপি কর্মীর প্রাণ হারানোর ঘটনায় পুলিশের জালে আরও এক অভিযুক্ত। বৃহস্পতিবার রাতে অজয় নন্দীকে গ্রেফতার করল লাউদোহার ফরিদপুর থানার পুলিশ। এই ঘটনায় এর আগে প্রসূন পাণ্ডে ও বিজয় নন্দী নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। ফলে শ্যাম কুমার দাস প্রাণ হারানোর ঘটনায় পুলিশের তদন্তে আরও এক ধাপ অগ্রগতি হল। বেধড়ক মারধরের জেরে প্রাণ হারিয়েছেন ৩৫ বছর বয়সি বিজেপি যুব নেতা শ্যাম কুমার দাস বলে অভিযোগ । তিনি পাণ্ডবেশ্বর বিধানসভার ৪ নম্বর মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। দুর্গাপুরের লাউদোহা থানার জব্বরপল্লি এলাকার ঘটনা ।
ঘটনার পর থেকেই অজয় নন্দীর খোঁজ মিলছিল না । বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
তবে গ্রেফতারের পর নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অজয়। তার দাবি, এই ঘটনায় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অজয়ের বক্তব্য, “তার দাদার সঙ্গে শ্যাম কুমার দাসের বচসা থেকেই ঘটনার সূত্রপাত। মারধরের ঘটনায় তার কোনও ভূমিকা নেই, বরং তার দাদাই এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি ধৃতের।
তবে ধৃতের এই দাবি ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে , এই ঘটনায় ঠিক কার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ।
লাউদোহা থেকে
সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট
