November 23, 2026

দুর্গাপুর: পঞ্চায়েত কার্যালয় পরপর আটটি আলমারি ভেঙে চুরি

দুর্গাপুরের তৃণমূল পরিচালিত জেমুয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে পঞ্চায়েতের সচিব আশীষকুমার শো কার্যালয় খুলতে এসে দেখেন, পঞ্চায়েত কার্যালয়ে ঢোকার প্রধান দরজার তালা ভাঙা । ভিতরে ঢুকতেই তাঁর নজরে আসে, পরপর আটটি আলমারির তালাও ভাঙা। ওই আলমারিগুলিতে বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ নথি ও ফাইল রাখা থাকে । এই ঘটনাকে কেন্দ্র করে নিউ টাউনশিপ থানার পুলিশ তদন্ত শুরু করেছে । আশীষকুমার জানান, মূল দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে আটটি আলমারির তালা ভেঙেছে । দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। এদিকে, পঞ্চায়েত কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কীভাবে এমন চুরির ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চুরির খবর ছড়িয়ে পড়তেই পঞ্চায়েত কযালয়ের বাইরে ভিড় জমান বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, পনেরো বছরের তৃণমূলের শাসনের সময় জেমুয়া গ্রাম পঞ্চায়েতে যে দুর্নীতি হয়েছে, তার গুরুত্বপূর্ণ নথি ও ফাইল লোপাট করতেই পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। তাঁদের দাবি, দুর্নীতির প্রমাণ মুছে ফেলতেই চুরির নাটক সাজানো হয়েছে।

অন্যদিকে, বিজেপির এই অভিযোগ প্রসঙ্গে জেমুয়া পঞ্চায়েতের প্রধান সপ্তসতী সেন জানান, আদৌ কোনও ফাইল বা সরকারি নথি চুরি হয়েছে কি না, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে নেমে পঞ্চায়েত অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে নিউ টাউনশিপ থানার পুলিশ। কী কী নথি খোয়া গিয়েছে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং চুরির পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সব মিলিয়ে পঞ্চায়েত অফিসের গুরুত্বপূর্ণ সরকারি নথি রাখা থাকে এমন একাধিক আলমারি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।পর পর আটটা আলমারি ভেঙে কি কি চুরি হয়েছে তা পরিষ্কার হওয়া দরকার বলে মনে করছেন বিরোধীরা । পুলিশ জানিয়েছে , তদন্ত শুরু হয়েছে ।

দুর্গাপুরের জেমুয়া পঞ্চায়েত থেকে হরি ঘোষের রিপোর্ট

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.