November 23, 2026

বনজেমারী কোলিয়ারিতে উচ্ছেদের নোটিশ ঘিরে উত্তেজনা, পরিবহণ বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসীদের:-*

মৌসুমী গঙ্গোপাধ্যায়, সালানপুর

ইসিএল-এর সালানপুর এরিয়ার বনজেমারী কোলিয়ারি এলাকায় বাড়ি ঘর উচ্ছেদের নোটিশ সাঁটানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তাঁরা ইসিএল-এর পরিবহণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে বিক্ষোভ দেখান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এ দিন দুপুরে ইসিএল এর আধিকারিকরা বনজেমারী খোলামুখ খনি সংলগ্ন নতুন বস্তির বাড়িগুলিতে নোটিশ লাগাচ্ছিলেন। এলাকাবাসীরা এর বিরোধিতা করলে ওই আধিকারিকরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা পরিবহণ আটকে দিয়ে প্রতিশ্রুতিভঙ্গ ও ক্ষতিপূরণের দাবিতে অনড় থাকেন। পরিবহণ বন্ধ হয়ে যেতেই নড়েচড়ে বসেন ইসিএল আধিকারিকরা এবং ঘটনাস্থলে পৌঁছান। তবে এলাকাবাসীরা লিখিত আশ্বাস ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ চালিয়ে যান।
বিক্ষোভরত স্থানীয় বাসিন্দা রবীন্দ্র রাম জানান , ওই এলাকায় বসবাসকারী মানুষ প্রায় ১৫ বছর ধরে এখানে বাস করছেন। তাঁদের কাছে জমি সংক্রান্ত কাগজপত্র, মিউটেশন ও খাজনার রসিদ রয়েছে । এমনকি একাংশ জমির বিনিময়ে ঋণও নিয়েছেন ।
রবীন্দ্র রামের দাবি, এর আগে ইসিএল কর্তৃপক্ষের তরফে বাড়ি ও জমির মাপজোক ও সমীক্ষা চালানো হয়েছিল । নথিপত্র যাচাইয়ের পর যথাযথ ক্ষতিপূরণ দেওয়া ও ইসিএল-এর নিয়ম অনুযায়ী প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলা হয়েছিল।এলাকাবাসীদের বক্তব্য, এর আগে খনিতে বিস্ফোরণের জেরে পাথর ছিটকে আসা বন্ধ করার দাবিতে পরিবহন আটকে বিক্ষোভ দেখানো হয়েছিল । যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার পর বাড়ি খালি করানো হবে বলে আলোচনা হয়েছিল। কিন্তু হঠাৎ প্রতিশ্রুতি পূরণ ছাড়াই বাড়িগুলিতে নোটিশ সাঁটানোয় তাঁরা নিজেদের প্রতারিত মনে করছেন।
অন্যদিকে, জারি হওয়া নোটিশে ‘দ্য কোর্ট অফ এস্টেট অফিসার, সোদপুর এরিয়া, ইসিএল’-এর উল্লেখ করে পাবলিক প্রিমিসেস (এভিকশন অফ আনঅথরাইজড অকুপ্যান্টস) অ্যাক্ট, ১৯৭১-এর অধীনে নোটিশ জারির কথা বলা হয়েছে।এলাকাবাসীদের দাবি, প্রায় ২৫ থেকে ৩০টি বাড়িতে নোটিশ লাগানো হয়ে গিয়েছিল, যার পরেই স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেন এবং আর নোটিশ লাগাতে বাধা দেন।
এলাকাবাসীরা প্রশ্ন তুলেছেন , তাঁদের কাছে যখন জমির বৈধ কাগজপত্র ও খাজনার রসিদ রয়েছে, তখন সেই জমিকে কোন ভিত্তিতে অননুমোদিত বলা হচ্ছে। আপাতত এলাকাবাসীরা এই পদক্ষেপের বিরোধিতা করে প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষের কাছে অবস্থান স্পষ্ট করা এবং ন্যায়সঙ্গত পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে খবর লেখা পর্যন্ত ইসিএল-এর কোনও উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে না পৌঁছনোয় এলাকাবাসীরা নিজেদের দাবিতে অনড় থেকে ইসিএল-এর পরিবহণ ব্যাবস্থা বন্ধ করে রেখেছে। ইসিএল কর্তৃপক্ষ জানান , বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.