November 23, 2026

পুলিশের অভিযানে ধৃত আগ্নেয়াস্ত্র সহ ১০ দুষ্কৃতী

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতের অন্ধকারে পুলিশের ঝটিকা অভিযান। আর সেই অভিযানেই বড়সড় সাফল্য পেল পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র-সহ মোট ১০ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি উদ্ধার হয়েছে সাইকেলের চেন ও বেসবল ব্যাট। একসঙ্গে এতজনের গ্রেফতারি এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাণ্ডবেশ্বর থানার এসআই দেবদাস মুখার্জি গোপন সূত্রে খবর পান। সেই খবরের ভিত্তিতে রাতের অন্ধকারে অভিযান চালানো হয় । অভিযানে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে ছয়জন পাণ্ডবেশ্বরের ডিভিসি বাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। তাঁরা হলেন বিনোদ বেদ, সুন্দর যাদব, শেখ ফারহান, তাপস বেদ, পবন চৌহান এবং কবিরাজ বেদ।
অন্যদিকে, ধৃতদের মধ্যে অন্য তিনজন ঝাড়খণ্ডের জামতারার মেহিজান এলাকার বাসিন্দা। তাঁদের নাম সন্তোষ পাশি, দেব কুমার এবং মানা পাশি। অপর ধৃত সাদ্দাম খান জামুড়িয়ার হোসেন নগর এলাকার বাসিন্দা।
পুলিশের অভিযানে ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, সাইকেলের চেন এবং বেসবল ব্যাট উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। কী উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম তাঁদের কাছে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ধৃতদের সঙ্গে কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তাঁরা কোনও অপরাধমূলক পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন কি না, কিংবা এই ঘটনার পিছনে আরও কেউ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
রাতের অন্ধকারে পুলিশের এই অভিযান এবং একসঙ্গে ১০ জনের গ্রেফতারি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সামগ্রীর সূত্র ধরে তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর এলাকাবাসী

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.