সাত দিনের মধ্যে হিন্দুস্তান পার্কে তিনটি বাড়িতে চুরি, চোরকে ধরে ঘরের রেলিংয়ে বেঁধে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা

আসানসোল: আসানসোলের হিন্দুস্তান পার্ক এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। গত ৭ নভেম্বর থেকে ১৪ নভেম্বরের মধ্যে মাত্র সাত দিনে এলাকার তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়।
আজ ফের চুরির উদ্দেশ্যে এলাকায় আসে তিনজন দুষ্কৃতী। বিষয়টি নজরে আসতেই তৎপর হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা হাতেনাতে একজনকে ধরে ফেলেন। যদিও বাকি দু’জন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর ধৃত ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা একটি বাড়ির রেলিংয়ে বেঁধে রাখেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে দক্ষিণ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় পরপর চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
