November 23, 2026

সন্তানের কান্না শুনেছিলেন মা, হাসপাতালের দাবি মৃত প্রসব! সদ্যোজাতের দেহ না পেয়ে দুর্গাপুরে বিক্ষোভ

শিশুর দেহ পরিবারের হাতে তুলে না দেওয়ার অভিযোগে সরব বিজেপি মহিলা মোর্চা, মর্গে দেহ সংরক্ষিত রয়েছে বলে দাবি হাসপাতাল সুপারের

দুর্গাপুর: সদ্যোজাত সন্তানের কান্না শুনেছিলেন মা। অথচ প্রসবের পর সন্তানকে একবারের জন্যও দেখতে পাননি তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত সন্তান প্রসব করেছেন ওই প্রসূতি। কিন্তু হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরেও সদ্যোজাতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। শনিবার সন্ধ্যায় হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থকেরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর দিন বিধাননগর মহকুমা হাসপাতালে পুতুল দাস নামে এক মহিলা পুত্রসন্তান প্রসব করেন। পরিবারের অভিযোগ, সন্তান জন্মানোর পর মা কিংবা পরিবারের অন্য কোনও সদস্যকে শিশুটিকে দেখতে দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জানায়, শিশুটি মৃত অবস্থায় জন্মেছে। বুধবার হাসপাতাল থেকে ছুটি পেলেও সদ্যোজাতের দেহ হাতে পাননি পরিবারের সদস্যরা।

শুক্রবার বিজেপি কর্মীদের কাছে ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পুতুল দাস। তাঁর দাবি, প্রসবের সময় তিনি নিজের সন্তানের কান্না স্পষ্ট শুনেছিলেন। তা সত্ত্বেও কেন তাঁকে সন্তানকে দেখতে দেওয়া হল না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি হাসপাতালের কয়েকজন কর্মীর বিরুদ্ধে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগও করেছেন ওই প্রসূতি।

ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে উপস্থিত হন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। তাঁদের দাবি, শিশুটি সত্যিই মারা গিয়ে থাকলে তার দেহ অবিলম্বে পরিবারের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও তোলেন তাঁরা।

তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল সুপার ধীমান মণ্ডল জানান, প্রসবের সময় শিশুটির মৃত্যু হয়েছে এবং তার দেহ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।

হাসপাতাল সুপারের এই বক্তব্যের পরেও পরিবারের একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। শিশুর মৃত্যুর প্রকৃত কারণ কী? কেন এতদিন দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি? প্রসবের সময় শিশুর কান্না শোনার যে দাবি মা করেছেন, তার ব্যাখ্যাই বা কী?

একদিকে সন্তান হারানোর শোকে ভেঙে পড়া মা, অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য—দুইয়ের মধ্যে তৈরি হওয়া প্রশ্নের নিষ্পত্তিতে হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথি ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.