November 23, 2026

বানপুর সেল আইএসপিতে প্রায় সাড়ে ১২ হাজার ঠিকা শ্রমিকের জন্য চালু কেন্দ্রীয় সরকারের ন্যূনতম মজুরি, খুশির হাওয়া শ্রমিক মহলে

আসানসোল থেকে মৌসুমী গঙ্গোপাধ্যায়

দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো বানপুর সেল আইএসপি (IISCO Steel Plant)-এর অধীনে কর্মরত প্রায় সাড়ে ১২ হাজার ঠিকা শ্রমিকের। এবার থেকে তাঁদের ক্ষেত্রে কার্যকর হলো কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ন্যূনতম মজুরি (Central Minimum Wages)। এর ফলে ঠিকা শ্রমিকদের বেতন কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ছড়িয়েছে শ্রমিক মহলে। আনন্দে শ্রমিকদের একাংশকে আবির খেলতেও দেখা যায়।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে বানপুর সেল আইএসপিতে শ্রমিক সংগঠন বিএমএস (BMS) জয়লাভ করে। এরপরই ঠিকা শ্রমিকদের বেতন কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। শ্রমিক নেতাদের দাবি, এতদিন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই কারখানায় ঠিকা শ্রমিকদের বেতন নির্ধারিত হতো রাজ্য সরকারের ন্যূনতম মজুরি কাঠামো অনুযায়ী। কেন্দ্রীয় সরকারের কারখানা হওয়া সত্ত্বেও সেখানে কেন্দ্রীয় সরকারের ন্যূনতম মজুরি কার্যকর ছিল না।

অবশেষে সরকার পরিবর্তনের পর কর্তৃপক্ষের তরফে বানপুর সেল আইএসপির ঠিকা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের ন্যূনতম মজুরি কার্যকর করা হলো বলে জানা গেছে। এর ফলে শ্রমিকদের দৈনিক মজুরি অনেকটাই বৃদ্ধি পাবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী ন্যূনতম দৈনিক হাজিরা ৭০৪ টাকা নির্ধারিত হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় শ্রমিকদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। তবে বিএমএসের জয়লাভের পরই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় শ্রমিক মহলে নতুন করে রাজনৈতিক ও শ্রমিক সংগঠন সংক্রান্ত আলোচনাও শুরু হয়েছে ।

মন্ত্রী অগ্রিমিত্রা পাল জানান , আমাদের প্রধানমন্ত্রী , আমাদের মুখ্যমন্ত্রী উন্নয়ন , সঠিক জিনিস যাতে মানুষ পায় , কেউ ঠকিয়ে না নেয় , ন্যায্য অধিকার পায় । সেই চেষ্টা বরাবর আমরা করেছি । আমরা যখন সরকারে ছিলাম না , এসব নিয়ে আন্দোলন করেছি । ইস্কো শ্রমিকরা সঠিক বেতন পাচ্ছেন না এই নিয়েও আমরা আন্দোলন করেছি । ইস্কো ঠিকা শ্রমিকের মাইনে বেড়েছে । এটা আমাদের ডবল ইঞ্জিন সরকার এবং বি এম এস এর জয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.