পুজো শেষ, তবুও হুঁশ ফেরেনি! গোপাল মাঠ বাজারে ফের খাদ্য সুরক্ষা দপ্তরের হানা, উদ্ধার মেয়াদোত্তীর্ণ সস-কাসুন্দি, বাসি বিরিয়ানির উপকরণ ও ব্যবহৃত তেল

দুর্গাপুর: পুজোর আগে অভিযান চালিয়েও লাভ হল না।সতর্কবার্তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ফের সেই একই ছবি দুর্গাপুরের গোপাল মাঠ বাজারে। গোলদারি দোকানে মিলল মেয়াদোত্তীর্ণ সস ও কাসুন্দি। বিরিয়ানির দোকানে হদিশ বাসি পেঁয়াজ, আলু ও মশলার। শুধু তাই নয়, রান্নার কাজে ব্যবহার করা হচ্ছিল একাধিকবার ব্যবহৃত তেলও।

ফের খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে সামনে এল খাবারের নামে কীভাবে সাধারণ মানুষের পাতে বিপদ পরিবেশন করা হচ্ছে, তারই ছবি। পুজোর আগে গোপাল মাঠ বাজারে অভিযান চালিয়ে একাধিক মিষ্টির দোকান ও বিরিয়ানির দোকানে পচা, বাসি খাবার এবং রান্নাঘরে বিষাক্ত পোকামাকড়ের উপস্থিতি দেখতে পেয়েছিলেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। সেই সময় একাধিক দোকানের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কিন্তু পুজো মিটতেই ফের অভিযান চালিয়ে দেখা গেল, পরিস্থিতির বিশেষ কোনও পরিবর্তন হয়নি। পুরনো ছবিই যেন আবার ফিরে এসেছে। শনিবারের অভিযানে একাধিক দোকান থেকে মেয়াদোত্তীর্ণ সস, কাসুন্দি, বাসি বিরিয়ানির আলু-পেঁয়াজ, মশলা এবং বারবার ব্যবহার করা রান্নার তেল উদ্ধার করে নষ্ট করে ফেলা হয়। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক শুভম ঘোষ বলেন, “আমাদের ধারাবাহিক অভিযান চলছে। যারা এইভাবে মেয়াদ পেরোনো খাদ্যসামগ্রী বিক্রি করছে বা রং মিশিয়ে খাবার বিক্রি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিনও বহু সস, কাসুন্দি ও বাসি বিরিয়ানির আলু-পেঁয়াজ, মশলা ও তেল উদ্ধার করে ফেলে দেওয়া হচ্ছে।”
দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট ।
