পাণ্ডবেশ্বর কলেজে ছাত্রীরা স্নাতক হলেই মিলবে ৫০ হাজার টাকা, ঘোষণা বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির
পাণ্ডবেশ্বর কলেজে ছাত্রীদের স্নাতক স্তরে পড়াশোনা করলেই তিন বছরে মোট ৫০ হাজার টাকা দেবে সরকার। বিএ, বিকম কিংবা বিএসসি যে কোনও বিভাগে ভর্তি হয়ে পড়াশোনা করলেই মিলবে এই আর্থিক সহায়তা। পাণ্ডবেশ্বরের সভা থেকে ঘোষণা করলেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। সভামঞ্চ থেকে ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার বার্তা দিয়ে তিনি বলেন, শুধুমাত্র মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করেই পড়াশোনা থামিয়ে দিলে চলবে না, প্রতিটি মেয়েকে স্নাতক হতে হবে। মুখ্যমন্ত্রীও চান প্রতিটি কন্যার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেন স্নাতক স্তর পর্যন্ত হয়। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক পরিবারের কাছে আর্থিক সমস্যা বড় বাধা হয়ে দাঁড়ায়। কলেজে ভর্তি, পড়াশোনার খরচ এবং অন্যান্য ব্যয় কীভাবে সামলাবেন, তা নিয়ে অভিভাবকদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে। সেই প্রসঙ্গ তুলে জিতেন্দ্র তিওয়ারি বলেন, পাণ্ডবেশ্বর কলেজে বিএ, বিকম ও বিএসসি বিভাগে ছাত্রীদের ভর্তি করানোর ব্যবস্থা করা হয়েছে। তাঁর দাবি, এই কলেজে মেয়েদের ভর্তি করালে তাঁদের পড়াশোনার জন্য তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে সরকার। সভা থেকে তিনি জানান, প্রথম বর্ষে ১৭ হাজার টাকা, দ্বিতীয় বর্ষে ১৭ হাজার টাকা এবং তৃতীয় বর্ষে ১৬ হাজার টাকা করে দেওয়া হবে। অর্থাৎ তিন বছরে মোট ৫০ হাজার টাকা পাবে ছাত্রীরা। এই আর্থিক সহায়তার মাধ্যমে যাতে এলাকার মেয়েরা অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং স্নাতক ডিগ্রি অর্জন করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ দাবি করেন তিনি। একইসঙ্গে অভিভাবকদের উদ্দেশে তাঁদের মেয়েদের পাণ্ডবেশ্বর কলেজে ভর্তি করিয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান বিজেপি বিধায়ক।
হরি ঘোষ , পাণ্ডবেশ্বর :
