November 23, 2026

পাণ্ডবেশ্বরে ছটঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক পুণ্যার্থীর, উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে

ছটপুজোর পুণ্যলগ্নে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মৃত্যু হল এক ছটব্রতী পুণ্যার্থীর। সোমবার সকালে পাণ্ডবেশ্বরের গায়ঘাটা ছটঘাটে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হয় শোকের আবহে। মৃতের নাম বিনোদ নুনিয়া। তিনি গায়ঘাটা এলাকারই বাসিন্দা।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ছটঘাটে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি (অন্ডাল ডিভিশন) দীপ কুমার দাস, পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুশোভন বন্দ্যোপাধ্যায়, ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও), যুগ্ম বিডিও-সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ছটঘাটে বিদ্যুতের খোলা তারের যথাযথ সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের অভাবেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। যদিও প্রশাসনের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট নয়।

এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছটের মতো বড় ধর্মীয় উৎসবে হাজার হাজার মানুষের সমাগম হওয়া সত্ত্বেও ঘাটে বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থায় কেন পর্যাপ্ত সতর্কতা নেওয়া হয়নি, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। উৎসবের মরশুমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার, সেই প্রশ্নও নতুন করে সামনে এসেছে।

সোমনাথ মুখার্জি, পাণ্ডবেশ্বর

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.