November 23, 2026

অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির বিজেপি যুবনেতা দীপক দাসের!

দুর্গাপুর থেকে হরি ঘোষ

দুর্গাপুর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক মিঠুন রুইদাসের চিকিৎসা নিয়ে যখন দিশেহারা পরিবার, তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি যুবনেতা দীপক দাস। বামুনাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বোলেরো পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে গুরুতর জখম হন মিঠুন। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আইসিইউ পরিষেবা না থাকায় অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেওয়া হয় বলে জানা যায়।

পরিবারের অভিযোগ, বিধাননগরের একটি বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পরিষেবা মেলেনি। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে উচ্চতর নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন দীপক দাস। তাঁর উদ্যোগেই বর্তমানে বিধাননগরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন মিঠুন।

শুধু চিকিৎসার ব্যবস্থা করেই থেমে থাকেননি যুবনেতা। আশঙ্কাজনক রোগীর চিকিৎসার আগে টাকা জমা দেওয়ার শর্ত নিয়ে বেসরকারি নার্সিংহোমগুলির ভূমিকার বিরুদ্ধে সরব হন তিনি। তাঁর বক্তব্য, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই আসল কর্তব্য। পাশাপাশি বাইক চালকদের হেলমেট পরার আবেদনও জানান তিনি।

দুর্ঘটনার মুহূর্তে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে দীপক দাসের এই উদ্যোগ ঘিরে শুরু হয়েছে আলোচনা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.