November 8, 2026

বার্নপুর বাসস্ট্যান্ডে বাস চলাচল বন্ধ, ক্ষোভে বাস চালকরা

প্রতি ট্রিপে ৫০ টাকা নেওয়ার অভিযোগ, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি

বার্নপুর বাসস্ট্যান্ড থেকে আসানসোল রেলস্টেশনগামী বাসের পরিষেবা আজ বন্ধ করে দিলেন বাস চালক ও কর্মীরা। বাস চালকদের অভিযোগ, আসানসোল রেলস্টেশনে বাস পৌঁছনোর পর সেখানে বাস দাঁড়াতে দেওয়া হচ্ছে না। দাঁড়ালে প্রতি ট্রিপে ৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এই ঘটনায় ক্ষোভে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

বাস চালকদের দাবি, বর্তমানে টোটো ও অটোর সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এমনিতেই বাসের আয় অনেকটাই কমে গিয়েছে। তার ওপর প্রতিটি ট্রিপে ৫০ টাকা করে দিতে হলে তাঁদের আরও বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাঁদের অভিযোগ, আগে আসানসোল রেলস্টেশনে বাস কিছুক্ষণ দাঁড়ানোর সুযোগ ছিল এবং সেখানে বাসের জন্য স্ট্যান্ডও রয়েছে। কিন্তু বর্তমানে সেখানে অযথা হয়রানি করা হচ্ছে।

বাসকর্মীদের আরও অভিযোগ, বাস দাঁড় করানো নিয়ে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, এমনকি মারধর ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার ঘটনাও ঘটছে।

অন্যদিকে, ১৩ নম্বর মোড়ে বাস দাঁড় করালে আরপিএফ আধিকারিকরা এসে বাসকর্মীদের ধমক দিয়ে সেখান থেকে সরিয়ে দেন বলেও অভিযোগ তাঁদের।

এই সমস্ত সমস্যার প্রতিবাদেই আজ বার্নপুর বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাস চালকদের স্পষ্ট বক্তব্য, যতদিন না তাঁদের সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত বাস পরিষেবা বন্ধ থাকবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.