আসানসোলে বহুজাতিক কোম্পানির হাবে শাটার ভেঙে চুরি, উধাও ২ লক্ষ টাকা ও সিসিটিভির ডিভিআর………….. আসানসোল, ২৯ অক্টোবরঃ
আসানসোল উত্তর থানা এলাকায় আবারও বড় ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ধাদকার শীতলা মোড় এলাকায় ১৯ নং জাতীয় সড়ক বা বাইপাসের ধারে জেলা বিজেপি কার্যালয়ের ঠিক উল্টোদিকে বহুজাতিক অনলাইন ডেলিভারি কোম্পানির একটি হাবে শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে হওয়া এই ঘটনায় প্রায় ২ লক্ষ টাকা নগদ চুরি হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, অফিসে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক ও ডিভিআর নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঐ হাবের এইচআর রূপেশ কুমার রাওয়াত বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ সিনিয়র টিম লিডার ফোন করে হাবেট শাটার খোলা থাকার বিষয়টি জানান। খবর পেয়ে আমি সকাল প্রায় ৬টা নাগাদ হাবে পৌঁছে শাটার খোলা অবস্থায় দেখতে পাই। এরপরই আসানসোল উত্তর থানার পুলিশকে খবর দেওয়া হয়।অফিসের ভিতরে ঢুকে দেখা যায়, আলমারি ও লকার ভাঙা অবস্থায় রয়েছে। লকারে রাখা নগদ টাকা উধাও। প্রাথমিকভাবে প্রায় ২ লক্ষ টাকা চুরির কথা জানা গেলেও, মোবাইল ফোন এবং অন্যান্য কোন ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। হাবের পাশের একটি গলি থেকে গাঁইতি ও শাবলের মতো কয়েকটি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। অনুমান, শাটার ভাঙা এবং চুরির কাজে এই সরঞ্জামগুলি ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে পুলিশের অনুমান। চুরির পর সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক ও ডিভিআর নিয়ে যাওয়ার ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র নষ্ট করার চেষ্টা করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। এই চুরির পেছনে কারা রয়েছে, কতজন এই ঘটনায় জড়িত এবং ঠিক কি চুরি হয়েছে , তা জানতে তদন্ত চালানো হচ্ছে বলে আসানসোল উত্তর থানার পুলিশ জানায়।
