
এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই, ক্ষোভে কোলিয়ারির পিটে বিক্ষোভ দেখালেন মহিলারা
জামুড়িয়া: জামুড়িয়া থানার অন্তর্গত ইসিএলের কুনুস্তোড়িয়া এরিয়ার বেলবাদ কোলিয়ারিতে মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ সমস্যাকে কেন্দ্র করে স্থানীয় মহিলাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। গত সাত দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় ক্ষুব্ধ জোট জানকি, ১০ নম্বর এবং সিংহারন এলাকার মহিলারা একজোট হয়ে কোলিয়ারির পিটে পৌঁছে বিক্ষোভ দেখান এবং দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি জানান।
জানা গিয়েছে, এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। দু’দিন আগে ছটপুজোর সময়ও স্থানীয় মহিলা ও বাসিন্দারা ইসিএল কর্তৃপক্ষের কাছে দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু করার দাবি জানিয়েছিলেন। সেই সময় কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে মঙ্গলবারের মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হবে।
কিন্তু মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা চালু না হওয়ায় মহিলাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এরপর ক্ষুব্ধ মহিলারা বেলবাদ কোলিয়ারির পিটে পৌঁছে বিক্ষোভ শুরু করেন। বিকেল প্রায় ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে তাঁদের বিক্ষোভ চলে।
খবর পেয়ে ইসিএলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিলে মহিলারা বিক্ষোভ তুলে নেন এবং নিজেদের বাড়িতে ফিরে যান।
উল্লেখ্য, এই বিক্ষোভের জেরে ইসিএলের কয়লা উৎপাদনে কোনও প্রভাব পড়েনি। কারণ, কয়েক মাস আগেই কর্তৃপক্ষ বেলবাদ কোলিয়ারিটি বন্ধ করে দিয়েছে।

