November 23, 2026

দুর্গাপুরে ছটপুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ১

দুর্গাপুর: রাজ্যে পালাবদলের পর ছয় মাস পেরিয়ে গেলেও বিভিন্ন এলাকায় তোলাবাজির অভিযোগ অব্যাহত রয়েছে। সম্প্রতি দিল্লিতে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তোলাবাজির ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এরই মধ্যে দুর্গাপুরে ছটপুজোর চাঁদার টাকা আদায়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। লিঙ্ক পার্ক এলাকায় ছটপুজোর চাঁদা চাওয়াকে কেন্দ্র করে বচসা গড়াল হাতাহাতি ও সংঘর্ষে। অভিযোগ, সংঘর্ষের জেরে দোকান ভাঙচুর করা হয় এবং এক ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ছটপুজোর কুপন বিলির সময় মণীশ মোদির কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করা হয়। কিন্তু তিনি ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা দিতে চান। এই টাকা দেওয়াকে কেন্দ্র করেই ছটপুজো কমিটির সদস্যদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও পরবর্তীতে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বচসা থেকে শুরু হয় সংঘর্ষ। সেই সংঘর্ষে ছটপুজো কমিটির এক সদস্য আহত হন। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি এলাকার একটি দোকানে ভাঙচুর চালানোর অভিযোগও সামনে এসেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত, এর পিছনে আর কারা জড়িত রয়েছে এবং চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.