তপসির স্টেশন পাড়ায় বিধায়ক পরিষেবা কেন্দ্রের উদ্বোধন, উপচে পড়ল হাজার হাজার মানুষের ভিড়
জামুড়িয়া: জামুড়িয়া থানার অন্তর্গত বিজেপি মণ্ডল-২-এর তপসি পঞ্চায়েতের স্টেশন পাড়ায় রবিবার বিধায়ক পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। বিজেপির রাজ্য সহ-প্রভারী রাজেন্দ্র সিং এবং জামুড়িয়ার বিজেপি বিধায়ক ডঃ বিজন মুখার্জি যৌথভাবে এই পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তপসি-সহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ ও বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকা জমজমাট হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজেন্দ্র সিংয়ের বক্তব্য শোনার জন্য মানুষের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যায়। তাঁর বক্তব্য চলাকালীন ভারত মাতার জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজেন্দ্র সিং ও বিধায়ক ডঃ বিজন মুখার্জি স্থানীয় বাসিন্দা এবং দলীয় কর্মীদের এই পরিষেবা কেন্দ্রের মাধ্যমে বিজেপি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও পরিষেবার সুবিধা গ্রহণ করার আহ্বান জানান। তাঁরা বলেন, এই পরিষেবা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ সরকারি বিভিন্ন প্রকল্প ও পরিষেবা সম্পর্কে জানতে পারবেন এবং তার সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক কুন্দন সাহ, যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি রাহুল সিং, রাজ্য কার্যনির্বাহী সদস্য তথা বোলপুর-বিষ্ণুপুর জেলার দায়িত্বপ্রাপ্ত পঙ্কজ সিং, জেলা মহিলা মোর্চার সহ-সভানেত্রী সীমা সিং, জেলা কমিটির সদস্য সন্তোষ সিং, মণ্ডল সহ-সভাপতি রাজু মণ্ডল, শক্তিপ্রমুখ রাজন মাঝি, শ্রীধর সরকার, রমেশ মুর্মু, সনাতন মুর্মু, মনোজ হাঁসদা, রাজেশ মাঝি-সহ বিজেপির বহু নেতা-কর্মী ও সমর্থক।

