ছটপুজোর প্রস্তুতির মধ্যেই আচমকা নেমে এল বিপর্যয়। মুহূর্তের মধ্যে মাটির তলায় তলিয়ে গেল আস্ত একটি বাড়ি
ছটপুজোর প্রস্তুতির মধ্যেই আচমকা নেমে এল বিপর্যয়। মুহূর্তের মধ্যে মাটির তলায় তলিয়ে গেল আস্ত একটি বাড়ি। খাট, বিছানা, টেলিভিশন, আসবাবপত্র থেকে শুরু করে নগদ টাকা—সবই গ্রাস করল ভূগর্ভ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির গৃহকর্তা ও তাঁর সন্তান। শনিবার অন্ডালের সিদুলি এলাকায় এই ভয়াবহ ধসের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় বনবহাল ফাঁড়ির পুলিশ। তবে ইসিএলের তরফে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ছটপুজোর সামগ্রী কিনতে বাজারে গিয়েছিলেন বাড়ির গৃহকর্ত্রী। বাজার সেরে বাড়ি ফিরে এসে তিনি দেখেন, তাঁদের আস্ত বাড়িটিই মাটির তলায় তলিয়ে গিয়েছে। মুহূর্তের এই বিপর্যয়ে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের। বাড়ির মালিক রামা ভূঁইয়া জানান, ঘটনার সময় তিনি বাড়ির খাটে শুয়েছিলেন। আচমকাই একটি বিকট শব্দ শুনতে পান। বিপদের আঁচ পেয়ে আর দেরি না করে সন্তানকে সঙ্গে নিয়ে দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তাঁরা বাইরে বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে গোটা বাড়িটি ধসে মাটির তলায় তলিয়ে যায়। প্রাণে বাঁচলেও বাড়ির সমস্ত জিনিসপত্র হারিয়ে কার্যত সর্বস্বান্ত পরিবারটি।
উল্লেখ্য, কিছুদিন আগেই এই সিদুলি এলাকায় খনির ভিতর থেকে মাটির ফাটল দিয়ে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। নিরাপত্তার আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন বহু বাসিন্দা। পরে ইসিএল কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ফের ধসের ঘটনায় নতুন করে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা কবিতা রায় বলেন, ইসিএলের খনি সংলগ্ন এলাকায় এর আগেও ধসের ঘটনা ঘটেছে। বিষাক্ত গ্যাস নির্গমনের আতঙ্ক কাটতে না কাটতেই এবার একটি আস্ত বাড়ি মাটির তলায় তলিয়ে গেল। ছটপুজোর আগে এমন বিপর্যয়ে পরিবারটি চরম সমস্যায় পড়েছে। তাঁর কথায়, একেবারে খেটে খাওয়া দরিদ্র পরিবারটির বাড়ি ছিল তাঁদের শেষ সম্বল। বাড়ির আসবাবপত্র, টাকা-পয়সা, সমস্ত কিছুই মাটির নীচে চলে গিয়েছে। সরকারি আবাস যোজনায় তৈরি বাড়িটিও আর রইল না। এখন তাঁদের মাথার উপর ছাদটুকুও নেই। ছটপুজোর মুখে পরিবারটির ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।
সোমনাথ মুখার্জি, অন্ডাল
