পাঁচ সেকেন্ডের ভিডিওতেই খুলল খুনের নৃশংসতার পর্দা! বিকি সিং হত্যাকাণ্ডে গ্রেফতার আরও এক যুবক
(সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লাঠিপেটার দৃশ্য ঘিরে তীব্র চাঞ্চল্য, দেশবন্ধু পার্ক এলাকা থেকে ২২ বছরের সুরজ প্রসাদকে গ্রেফতার করল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।)
পাঁচ সেকেন্ড! সময়ের হিসাবে সামান্য, কিন্তু সেই কয়েক মুহূর্তের ছবিতেই যেন ধরা পড়ল এক প্রাণঘাতী নৃশংসতার ভয়াবহ ইঙ্গিত। মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন এক যুবক। আর তাঁর উপর একের পর এক লাঠির আঘাত হানছে আরেক যুবক। নির্মম মারধরের সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় পড়ে যায় রূপনারায়ণপুর এলাকায়। এবার সেই ভাইরাল ভিডিওর সূত্র ধরেই বিকি সিং হত্যাকাণ্ডে আরও এক যুবককে গ্রেফতার করল পুলিশ।
মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। সালানপুরের হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে তাঁকে নৃশংসভাবে মারধর করে খুনের অভিযোগ উঠেছিল। প্রাথমিকভাবে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করেই এই রক্তাক্ত ঘটনার সূত্রপাত বলে জানা যায়। সেই ঘটনায় আগেই সুরেন্দ্র যাদব ও দীপক যাদবকে গ্রেফতার করেছিল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।
কিন্তু তদন্তের মোড় ঘুরিয়ে দেয় পাঁচ সেকেন্ডের একটি ভিডিও। ভাইরাল হওয়া সেই ফুটেজে দেখা যায়, এক যুবক বাসের লাঠি দিয়ে মাটিতে পড়ে থাকা ব্যক্তিকে বেধড়ক মারধর করছে। দৃশ্যের নির্মমতা সামনে আসতেই অভিযুক্তের পরিচয় শনাক্ত করতে তৎপর হয় পুলিশ। সূত্রের খবর, ভিডিওতে মারধর করতে দেখা যাওয়া যুবক ২২ বছরের সুরজ প্রসাদ। জোড়বাড়ি এলাকার বাসিন্দা ওই যুবককে গোপন সূত্রে খবর পেয়ে হিন্দুস্তান কেবলসের দেশবন্ধু পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর ধৃতকে আজ আসানসোল আদালতে পেশ করা হবে।বিকি হত্যাকাণ্ডে সুরজের ঠিক কী ভূমিকা ছিল, ভাইরাল ভিডিওর সঙ্গে ঘটনার যোগসূত্র কতটা এবং হত্যাকাণ্ডে আর কারা জড়িত, তদন্তে এখন সেই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছে পুলিশ।
একটি সম্পর্কের সন্দেহ থেকে শুরু হওয়া বিবাদ, তারপর রক্তাক্ত পরিণতি। আর সেই ঘটনার পাঁচ সেকেন্ডের ভিডিওই এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র। যে নৃশংসতা একসময় ক্যামেরাবন্দি হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সেটাই শেষ পর্যন্ত পুলিশের তদন্তে নতুন দরজা খুলে দিল।
