নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও’ স্লোগানে সরব বিজ্ঞান মঞ্চ, জেলা শাসককে স্মারকলিপি
বৃহস্পতিবার বিজ্ঞান মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হল। আসানসোল রবীন্দ্রভবনের সামনে থেকে মিছিল বের করেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের দফতরে পৌঁছায়।
মূলত দামোদর, অজয়, গারুই, সিঙ্গারণ , তামলা , নুনিয়া নদীর ও সংরক্ষণের দাবিতে সরব হন তাঁরা। নদীগুলির বর্তমান অবস্থা উন্নত করা, নদীকে দূষণমুক্ত রাখা এবং পরিবেশ রক্ষার দাবিতে লিখিত স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সম্মেলনের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী , কিংশুক মুখোপাধ্যায় , শ্রীকান্ত চট্টোপাধ্যায় , নদী বাঁচাও কমিটির অজিত কোড়া প্রমুখ ।
