ডামরায় বালি বোঝাই ট্রাক্টর আটকে বিজেপি নেতাদের বিক্ষোভ, চালানে লেখা গন্তব্য নিয়ে তীব্র বিতর্ক
আসানসোল , বুধবার সকালে রানিগঞ্জের তিরাটের একটি বৈধ বালিঘাট থেকে আসা বালিবোঝাই ট্রাক্টরের চালানে গন্তব্য পুরুলিয়া লেখা থাকলেও বালি নিয়ে যাওয়া হচ্ছিল আসানসোলে । এতে অনিয়মের অভিযোগে সরব হলেন স্থানীয় বিজেপি নেতারা । পুলিশ ও বিএলআরও আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
বুধবার সকালে আসানসোলের ডামরায় বজরংবলীর মন্দির লাগোয়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । তিরাটে একটি বালিঘাট থেকে বালি নিয়ে আসা একাধিক ট্রাক্টর আটকে চালান পরীক্ষা করার দাবি জানান আসানসোল দক্ষিণের বিজেপির মণ্ডল-৩-এর স্থানীয় নেতারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাক্টরের চালক ও মালিকদের কাছে বালির বৈধ চালান দেখতে চান তাঁরা। চালকরা চালান দেখালেও তাতে গন্তব্যস্থল পুরুলিয়া লেখা থাকায় আপত্তি তোলেন বিজেপি নেতারা। তাঁদের বক্তব্য , চালানে গন্তব্য পুরুলিয়া উল্লেখ থাকা সত্বেও আসানসোলে নিয়ে যাওয়া হচ্ছে কেন?
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামের ভিতরের রাস্তা দিয়ে ট্রাক্টরগুলি যাতায়াত করছে । রাস্তার আশেপাশে রয়েছে স্কুল এবং ঘন জনবসতিপূর্ণ এলাকা। ফলে প্রতিদিন এই রাস্তা দিয়ে বালি বোঝাই ট্রাক্টর চলাচল করলে সাধারণ মানুষের পাশাপাশি পড়ুয়াদেরও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে । তাঁদের দাবি, গ্রামের ভিতরের রাস্তা ব্যবহার না করে বিকল্প রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচলের ব্যবস্থা করতে হবে।
অন্যদিকে, ট্রাক্টর চালক ও মালিকদের দাবি, তাঁদের কাছে বৈধ চালান রয়েছে এবং তাঁরা নিয়ম মেনেই বালি পরিবহণ করছেন। বৈধ চালান থাকা সত্ত্বেও কেন তাঁদের গাড়ি আটকে দেওয়া হল বুঝতে পারছেন না । চালকদের বক্তব্য, তাঁদের আসানসোলেই বালি খালাস করতে হবে। সেই কারণেই তাঁরা এই রাস্তা ব্যবহার করছেন।
এর পর দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরে ঘটনাস্থলে দাঁড়িয়ে পড়ে একাধিক বালি বোঝাই ট্রাক্টর।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিএলআরও দফতরের আধিকারিকরা। তাঁরা ট্রাক্টরের চালান খতিয়ে দেখার পাশাপাশি দুই পক্ষের বক্তব্য শোনেন। প্রশাসনিক আধিকারিকদের পক্ষ থেকেও প্রশ্ন তোলা হয়, চালানে গন্তব্যস্থল পুরুলিয়া উল্লেখ থাকলে সেই বালি আসানসোলে খালি করতে নিয়ে যাওয়া হচ্ছে কীভাবে?
ট্রাক্টর চালকরা জানান, তাঁদের আসানসোলেই বালি নামাতে হবে। এরপর বিএলআরও-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আসানসোলে বালি খালি করতে হলে নিয়ম অনুযায়ী চালানে আসানসোলের গন্তব্যস্থল উল্লেখ থাকা প্রয়োজন। পাশাপাশি দুই পক্ষকেই পরবর্তী শুনানির জন্য বিএলআরও দফতরে উপস্থিত হতে বলা হয়।
প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদেরও জানানো হয়, বালি পরিবহণ বা রাস্তা ব্যবহার নিয়ে তাঁদের কোনও আপত্তি থাকলে লিখিতভাবে অভিযোগ জমা দিতে হবে। সেই অভিযোগ খতিয়ে দেখে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
দীর্ঘক্ষণ ধরে চলা বচসা এবং প্রশাসনিক হস্তক্ষেপের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। চালানে উল্লেখিত গন্তব্যের বাইরে অন্যত্র বালি খালাসের অনুমতি রয়েছে কি না, পরিবহণের ক্ষেত্রে সমস্ত নিয়ম মানা হচ্ছে কি না এবং গ্রামের ভিতরের রাস্তা দিয়ে ভারী যান চলাচল নিয়ে প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করে । এখন সেদিকেই নজর স্থানীয় বাসিন্দাদের।


