জামুড়িয়া , ইসিএল এর কেন্দা খোলামুখ খনিতে আগুন! আতঙ্কিত বাসিন্দারা

জামুড়িয়া: অন্ডালের সিদুলি এলাকায় খনি ধসের আতঙ্ক এখনও কাটেনি। এরই মধ্যে জামুড়িয়ার কেন্দা খোলামুখ কয়লা খনির ভিতর থেকে গলগল করে বেরিয়ে আসছে আগুনের শিখা ও ধোঁয়া। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে পার্শ্ববর্তী গ্রামগুলিতে। খোলামুখ কয়লা খনির ভিতরে আগুনের এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
তবে এই ঘটনায় আতঙ্কিত হওয়ার বিশেষ কারণ নেই বলেই জানিয়েছেন , কেন্দা কোলিয়ারির এক প্রাক্তন কর্মী। তিনি জানান , খোলামুখ কয়লা খনিতে আগুন লাগার ঘটনা ঘটলেও তা নিয়ন্ত্রণে আনার একাধিক পদ্ধতি রয়েছে। মাটি ও জল ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই এই ধরনের ঘটনায় অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ইসিএল কর্তৃপক্ষ জানান , এই এলাকায় মাটির নিচে ভূগর্ভস্থ খনি ছিল। ১৯৯৪ সালে ওই খনিতে আগুন লেগেছিল । এরপর ওই খনিতে আগুন নিভিয়ে কয়লা উত্তোলন করার পর বন্ধ করে দেওয়া হয়েছে । কিন্তু আগুন কয়লা স্তরে ছড়িয়ে যায় । তার জেরে ওই আগুন থেকে মাটির নিচে মজুদ প্রচুর পরিমাণে কয়লা বাঁচাতে ভূপৃষ্ঠে খোলামুখ খনি তৈরি করা হয়েছে । এই খোলামুখ খনিতে কয়লা কাটার সময় কোন কারনে ছিদ্র তৈরি হলে সেই ছিদ্র দিয়ে অক্সিজেন ভূগর্ভে ঢুকে আগুনের সংস্পর্শে আসে। তাতে ধোঁয়া এবং আগুন ওই ছিদ্র দিয়ে বেরিয়ে আসে । তাই এতে আতঙ্কের কোনো কারণ নেই ।
জামুড়িয়া থেকে রাখি মাজির রিপোর্ট
