জন্মদিনে আসানসোলে মোমের মূর্তিতে জীবন্ত জুবিন গর্গ
আসানসোল: প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গের ৫৪তম জন্মবার্ষিকীতে আসানসোলে উন্মোচিত হল তাঁর মোমের মূর্তি। বুধবার সন্ধ্যায় বিশিষ্ট ভাস্কর সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে মূর্তিটির উদ্বোধন করেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য।
গিটার হাতে জুবিনের অবিকল আদলে তৈরি মূর্তিটি দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। প্রায় দু’মাসের পরিশ্রমে মূর্তিটি তৈরি করেছেন সুশান্ত রায়। তিনি জানান, জুবিনের মৃত্যুর পরেই তাঁকে শ্রদ্ধা জানাতে এই মূর্তি তৈরির পরিকল্পনা করেছিলেন।
১৯৭২ সালের ১৮ নভেম্বর অসমে জন্ম জুবিনের। অসমিয়া সংগীতের পাশাপাশি হিন্দি, বাংলা-সহ একাধিক ভাষায় গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ‘ইয়া আলি’ গানের মাধ্যমে বলিউডেও বিশেষ পরিচিতি পান। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মাত্র ৫২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
মূর্তিটি এখন থেকে আসানসোলের ওয়াক্স মিউজিয়াম ও শিস মহলে সাধারণ মানুষের দেখার জন্য রাখা থাকবে।

