সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে বিতর্কিত পোস্ট! গ্রেপ্তার দুর্গাপুরের ব্যক্তি..
দুর্গাপুর: সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত ছবি ও পোস্ট ছড়ানোর ঘটনাকে কেন্দ্র করে বড়সড় পদক্ষেপ পুলিশের। উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার দুর্গাপুরের সিটি সেন্টারের বাসিন্দা মনোজ সিং।উত্তরপ্রদেশ পুলিশের একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে রবিবার দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সূর্যপুর থানায় মনোজ সিংয়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ দায়ের হয়।অভিযোগের মধ্যে রয়েছে মহিলার আপত্তিকর ছবি তোলা, সরকারি কর্মচারীদের সরকারি কাজে বাধা সৃষ্টি, সরকারি কর্মচারীদের হুমকি দেওয়া এবং ভয় দেখিয়ে টাকা আদায়ের মতো গুরুতর বিষয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশ প্রশাসনকে ঘিরে আপত্তিকর ও বিতর্কিত বক্তব্য ছড়ানোর অভিযোগও সামনে এসেছে। অভিযোগ পাওয়ার পরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তে নামে উত্তরপ্রদেশ পুলিশ। তদন্তের সূত্র ধরে অভিযুক্তের সন্ধানেও তল্লাশি শুরু হয়। এরপর রবিবার দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে মনোজ সিংকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারের পর ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে পরবর্তী তদন্ত চালানোর জন্য আদালতের কাছে দু’দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় পুলিশ।

