সিদুলির ধস কবলিত এলাকা পরিদর্শনে বিধানসভার শ্রম সংক্রান্ত স্থায়ী কমিটি, পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ চেয়ারম্যানের
সোমনাথ মুখার্জি, অন্ডাল : পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল ও খনি এলাকার শ্রমিকদের কর্মপরিবেশ এবং বিভিন্ন খনির পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার জেলায় এল পশ্চিমবঙ্গ বিধানসভার শ্রম সংক্রান্ত স্থায়ী কমিটি। কমিটির চেয়ারম্যান নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে প্রতিনিধিদল প্রথমে ইসিএলের কেন্দা এরিয়ার নিউ কেন্দা ওপেন কাস্ট প্রজেক্ট (ওসিপি) পরিদর্শন করে। সেখানে খনির উৎপাদন ব্যবস্থা, শ্রমিকদের কর্মপরিবেশ এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন কমিটির সদস্যরা।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ইসিএলের ডিরেক্টর টেকনিক্যাল গিরিশ গোপীনাথন নায়ার, কেন্দা এরিয়ার জেনারেল ম্যানেজার দিনেশ শর্মা-সহ অন্যান্য আধিকারিকরা। খনি পরিদর্শনের পর প্রতিনিধিদল শীতলপুরের শতাব্দী ক্লাবে পৌঁছলে তাঁদের সংবর্ধনা জানানো হয়। এরপর পূর্বনির্ধারিত কর্মসূচিতে না থাকলেও কমিটির সদস্য তথা বিধায়ক পার্থ ঘোষের অনুরোধে সিদুলির চতরাবাদ ভুঁইয়া পাড়ায় যান কমিটির চেয়ারম্যান নীলাদ্রি শেখর দানা। সেখানে ধস কবলিত বাড়িঘর এবং এলাকার সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নীলাদ্রি শেখর দানা জানান, মূলত কয়লাখনিতে কর্মরত শ্রমিকদের পরিস্থিতি এবং খনির কাজকর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতেই তাঁদের এই জেলা সফর। ইসিএল ও শ্রম দফতরের আধিকারিকদের সঙ্গে খনি পরিদর্শনের পর সিদুলিতে এসে এলাকার ভয়াবহ পরিস্থিতি দেখে তিনি বিস্মিত।
তাঁর কথায়, “এখানকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। যে কোনও মুহূর্তে গোটা এলাকাটি বসে যেতে পারে।” এই গুরুতর পরিস্থিতির কথা তিনি এদিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাবেন বলেও জানান কমিটির চেয়ারম্যান।
কমিটির চেয়ারম্যানের এই পরিদর্শনের পর সিদুলির ধস কবলিত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়টি নতুন করে গুরুত্ব পেল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

