November 23, 2026

ভিক্ষা নয়, সম্মানের চাকরি: ‘বৃহন্নলা ব্রিগেড’-এ খুশির জোয়ার খনি অঞ্চলের কিন্নর সমাজে

রানীগঞ্জ থেকে চরণ মুখোপাধ্যায়ের রিপোর্ট

Oplus_16908288

রানীগঞ্জ: এতদিন রাস্তার মোড়ে, ট্রাফিক সিগন্যালে হাত পাততে হতো। এবার সেই সিগন্যালেই দাঁড়িয়ে মানুষকে নিয়ম শেখাবেন তাঁরা। রাজ্য সরকারের নতুন ঘোষণায় খুশির হাওয়া খনি অঞ্চলের কিন্নর সমাজে।

রাজ্য সরকার কিন্নর ও ট্রান্সজেন্ডার সমাজকে মূলস্রোতে ফিরিয়ে আনতে ‘বৃহন্নলা ব্রিগেড’ গঠনের ঘোষণা করেছে। রাজ্যের নগরোন্নয়ন ও পুরসভা মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এই ব্রিগেডের সদস্যদের ট্রাফিক সচেতনতা ও পুরসভার বকেয়া কর আদায়ের কাজে লাগানো হবে।

কী কী কাজ করবে এই ব্রিগেড?

১. ট্রাফিক সচেতনতা: পুলিশের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে ব্রিগেডের সদস্যরা বিভিন্ন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে চালকদের হেলমেট পরা, সিট বেল্ট বাঁধা, ট্রাফিক নিয়ম মানার ব্যাপারে সচেতন করবেন। এছাড়াও চলন্ত গাড়ি থেকে রাস্তায় থুতু ফেলা, আবর্জনা ফেলা বন্ধ করার বার্তাও দেবেন তাঁরা।

২. বকেয়া কর আদায়: বিভিন্ন পুরসভায় বহু টাকা কর বকেয়া পড়ে আছে। কর্মীর অভাবে এতদিন শুধু নোটিশ পাঠিয়েই কাজ চলতো। এবার ব্রিগেডের প্রশিক্ষিত সদস্যরা পুরসভার পরিদর্শকদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে বকেয়া কর জমা দেওয়ার জন্য মানুষের সঙ্গে কথা বলবেন। কলকাতা পুরসভারই প্রায় ৪ লক্ষ মালিকের কাছে প্রায় ৬,৮৫০ কোটি টাকা কর বকেয়া রয়েছে বলে সরকারি হিসেবে জানা যাচ্ছে।

দুটো কাজের জন্যই সরকারের তরফে নির্দিষ্ট মাসিক ভাতা / সাম্মানিক দেওয়া হবে।

মন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রীর বিশেষ ইচ্ছাতেই এই উদ্যোগ। উদ্দেশ্য একটাই – কিন্নর সমাজকে ভিক্ষাবৃত্তির বাধ্যবাধকতা থেকে বার করে এনে সম্মানজনক রোজগারের সুযোগ দেওয়া।

খনি অঞ্চলে কী বলছেন বাবলি, পূজা, মমতা, রবিনা, সিমরন?

খবরটি পৌঁছতেই রানীগঞ্জ-আসানসোলের কিন্নর মহল্লায় উৎসবের মেজাজ।

বাবলি বলেন, “আমরা তো এতদিন লোকের কাছে হাত পেতেছি, লোকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এবার সরকার আমাদের হাতে কাজ তুলে দিচ্ছে, এটাই সবচেয়ে বড় সম্মান।”

পূজার কথায়, “ট্রাফিকের কাজটা আমরা ভালো পারবো। সারাদিন তো রাস্তাতেই থাকি। এবার নিয়ম শেখাবো, নিজেরাও সম্মান পাবো।”

মমতা বলেন, “আমাদেরও সংসার আছে, পেট আছে। মাসে একটা নির্দিষ্ট ভাতা পেলে আর কারও কাছে হাত পাততে হবে না।”

রবিনার আশা, এই কাজের মাধ্যমে সমাজের চোখে তাঁদের প্রতি যে দূরত্ব, তা ঘুচবে। সিমরন বলেন, “আমরা চাই, রানীগঞ্জ-আসানসোলেও এই ব্রিগেড চালু হোক। আমরা তৈরি, শুধু প্রশিক্ষণ আর সুযোগ চাই।”

কেন এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ?

এই উদ্যোগকে শুধু চাকরি দেওয়া হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা। একদিকে যেমন কিন্নর সমাজের আর্থিক স্বাধীনতা আসবে, অন্যদিকে তেমনই শহরের ট্রাফিক ব্যবস্থা ও কর আদায়ে গতি আসবে। কলকাতা ও তার আশপাশের শহরাঞ্চল থেকে শুরু করে ধীরে ধীরে অন্যান্য শহরেও এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

খনি অঞ্চলের কিন্নর সমাজের সদস্যদের এখন একটাই দাবি – ঘোষণা যেনো শুধু কাগজে না থাকে। দ্রুত প্রশিক্ষণ শুরু হোক, তালিকা তৈরি হোক, আর তাঁরাও সমাজের মূলস্রোতে মাথা উঁচু করে বাঁচার সুযোগ পান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.