November 23, 2026

আইএনটিইউসি-র রাজ্য সম্মেলন ঘিরে জেলা কংগ্রেস ও শ্রমিক সংগঠনের সংঘাত, হাতাহাতি ধাক্কাধাক্কি, উত্তেজনা দুর্গাপুরে..

দুর্গাপুর থেকে হরি ঘোষ

দুর্গাপুর: আইএনটিইউসি-র রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে প্রকাশ্যে কংগ্রেসের অন্দরের গোষ্ঠীকোন্দল। সম্মেলনে কারা প্রবেশ করবেন, কাদের নিয়ে কর্মসূচি হবে, তা নিয়েই জেলা কংগ্রেস এবং কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা নেতৃত্বের মধ্যে শুরু হয় বচসা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলির ঘটনা ঘটে। এমনকী, বচসা গড়ায় হাতাহাতি পর্যন্ত। এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের ইস্পাত নগরীতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইএনটিইউসি সূত্রে খবর, আইএনটিইউসি-র এই রাজ্য সম্মেলন মূলত শ্রমিক সংগঠনের কর্মী ও প্রতিনিধিদের নিয়েই আয়োজন করার কথা ছিল। কিন্তু সম্মেলনস্থলে জেলা কংগ্রেসের সভাপতি হরজিৎ সিং এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে জেলা কংগ্রেসের কর্মীরা প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ। সেই সময় শ্রমিক সংগঠনের কর্মীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, প্রথমে তাঁদের সংগঠনের কর্মী ও প্রতিনিধিদের প্রবেশ করতে দিতে হবে। এরপর অন্যরা প্রবেশ করবেন। কিন্তু সেই দাবি মানা হয়নি বলে অভিযোগ। এরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত ধাক্কাধাক্কি ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সুভাষ সাহা জেলা কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, এদিনের কর্মসূচি শুধুমাত্র শ্রমিক সংগঠনের কর্মীদের নিয়ে হওয়ার কথা ছিল। সেখানে জেলা কংগ্রেসের সভাপতি হরজিৎ সিং এবং দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে একদল লোক জোর করে কর্মসূচির ভিতরে ঢোকার চেষ্টা করেন। সুভাষ সাহার দাবি, “এদিনের কর্মসূচি শুধু শ্রমিক সংগঠনের কর্মীদের নিয়ে হওয়ার কথা ছিল। সেই জায়গায় জেলা সভাপতি হরজিৎ সিং ও দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে কিছু লোক কর্মসূচির ভিতরে ঢোকার চেষ্টা করে। আমরা বলেছিলাম, আমাদের শ্রমিক সংগঠনের কর্মীরা আগে ঢুকুক, তারপর আপনারা ঢুকবেন। তারপরেও ওরা জোর করে ঢোকার চেষ্টা করেছিল। সেই নিয়েই শ্রমিক সংগঠনের কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি হয়।” অন্যদিকে, শ্রমিক সংগঠনের জেলা সভাপতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা সরব হয়েছেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য দেবেশ চক্রবর্তী। দেবেশ চক্রবর্তীর অভিযোগ , “আমাদের কংগ্রেসের জেলা সভাপতি শ্রমিক সংগঠনের একজন অনেক বড় নেতা। সেই নিয়ে ওঁর কোনও ধারণা নেই। পুরো রাজ্য থেকে যারা আসতে চেয়েছিল, তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই জায়গায় অল ইন্ডিয়া আইএনটিইউসি লিস্ট বের করে বলে দিয়েছে কারা যেতে পারবে, কারা পারবে না। তারপরেও যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরোধিতা করা হয়েছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.